সিটি করপোরেশন ‘সচলে’ সিইওদের হাতে ‘ক্ষমতা’
দেশের বেশিরভাগ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর আওয়ামী লীগের।
দেশের সিটি করপোরেশনগুলোর কার্যক্রম সচল রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিয়েছে সরকার।
বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সই করা অফিস আদেশে এ তথ্য দেওয়া হয়েছে।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরপরই দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশের বাইরে পালিয়ে গেছেন। দেশের বেশিরভাগ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর আওয়ামী লীগের। এ অবস্থায় সিটি করপোরেশনগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়ে। নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বুধবারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন সিটি করপোরেশনের অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না।
সরকারের ভাষ্য- প্যানেল মেয়ররাও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সাথে যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এ পরিপ্রেক্ষিতে সিটি ককরপোরেশনের অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে।
“সেহেতু যে সকল সিটি করপোরেশনে এ রূপ পরিস্থিতি উদ্ভূত হয়েছে, সে সকল সিটি করপোরেশনের সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার নিমিত্ত প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো,” বলা হয়েছে প্রজ্ঞাপনে।
এ আদেশ ১৪ আগস্ট থেকেই কার্যকর হবে বলে অফিস আদেশে বলা হয়েছে।
