২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চীন সফরে মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দল

সফর শেষে আগামী ৬ মার্চ তাদের দেশে ফেরার কথা রয়েছে।

চীন সফরে মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দল
বিএনপি নেতা আবদুল মঈন খানের নেতৃত্বে চীন সফরে প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 11:54 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ মিলিয়ে একটি প্রতিনিধি দল চীন সফরে গেছে।

সোমবার রাত ১০টা ৪০ মিনিটে চায়না সাউর্দান এয়ার লাইন্সের ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ২১ সদস্যের এ দলে নেতৃত্ব দিচ্ছেন; সঙ্গে রয়েছেন তার রুখসানা খন্দকার।

বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে রয়েছেন দলের আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান এজেডএম ফরিদুজ্জামান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউল্লাহ আমিন প্রতিনিধি দলে রয়েছেন।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সমন্বয়ক আলী আহসান জোনায়েদ, রাফি সালমান রিফাত, মুখপাত্র রিয়াজ হোসেনও এই দলে রয়েছেন ।

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) গবেষক নাহিয়ান সাজ্জাদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক নিলুফার ইয়াসমিন, বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান জাহাঙ্গীর এবং ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অব বাংলাদেশে (ডিকাব) সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক মো. আরিফুজ্জামান সফরকারী দলে রয়েছেন।

এ সফর শেষে আগামী ৬ মার্চ দলটির দেশে ফেরার কথা রয়েছে।

গত ৫ অগাস্ট ক্ষমতার পালাবদলে পর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জামায়াতে ইসলামীসহ কিছু ইসলামী দলের প্রতিনিধিরাও চীন সফর করেন।