১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুনতাসীরকে এনসিপি থেকে অব্যাহতি

বাংলাদেশ রেড ক্রিসেন্টে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এ নেতাকে রোববার দুপুরে চাকরিচ্যুত করে নোটিস জারি করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 12:25 AM

Updated : 26 Aug 2026, 02:27 PM

শৃঙ্খলা ভাঙার অভিযোগে দলের দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে ‘অব্যাহতি’ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি —এনসিপি।

রোববার রাত ৯টার দিকে দলের ফেইসবুক পেইজে কারণ দর্শানোর নোটিস ও অব্যাহতির আদেশ প্রকাশ করা হয়।

নোটিসে কোনো কারণ উল্লেখ না করে বলা হয়েছে, “আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমন অবস্থায় আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এ অব্যাহতি আদেশ আজ থেকে কার্যকর হবে।”

কেন মুনতাসিরকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল-আমিনের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে নোটিসে।

কয়েক দিন ধরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলছে, তাতে মুনতাসীর নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। 

রেডক্রিসেন্ট সোসাইটির একজন কর্মকর্তা বলেন, রোববার সকাল থেকেই রেড ক্রিসেন্টের মগবাজারের প্রধান কার্যালয়ে কিছু ‘বহিরাগত’ লোকজন নানা অভিযোগে ‘মব’ তৈরির চেষ্টা চালান। 

তাদের মধ্যে  রেড ক্রিসেন্টের যুব বিভাগের উপ পরিচালক ও এনসিপি নেতা মুনতাসীর মাহমুদও ছিলেন। দুপুরের দিকে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগপ্রাপ্ত মুনতাসীরকে চাকরিচ্যুত করে নোটিশ জারি করা হয়। এরপরই তাদের বিক্ষোভের মাত্রা বেড়ে যায়। 

প্রতিষ্ঠানটির কর্মীরা বলেন, তারা রেড ক্রিসেন্টের চেয়ারম্যানকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ‘আওয়ামী পুনর্বাসনের’ অভিযোগ তুলে দিনভর তাকে অবরুদ্ধ করে রাখে। পরে রাতে পুলিশের সহায়তায় অফিস ছাড়েন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. আজিজুল ইসলাম।

 পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম এ বিষয়ে বলেন, “আজ রেড ক্রিসেন্টের বোর্ড মিটিং ছিল। সেখানে কয়েকজনকে নানা কারণে চাকরিচ্যুত করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রায় অর্ধশত লোকজন প্রায় সারাদিন সংস্থাটির চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন। পরে রাত ৮টার দিকে পুলিশ গিয়ে চেয়ারম্যানকে অফিস থেকে বের করে নিয়ে আসে।”

এ আন্দোলনে যুক্ত থাকা কিংবা অব্যাহতির বিষয়ে কথা বলার জন্য মুনতাসীরের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়নি। 

তবে রাতে তিনি দলের ফেইসবুক পোস্টে মন্তব্যের ঘরে নিজের ফেইসবুক আইডি থেকে এক প্রতিক্রিয়ায় লেখেন, “কী হাস্যকর!! জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, দেশ ও জনগণের পক্ষে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এমন সিদ্ধান্ত। লজ্জা, এনসিপির জন্য লজ্জা!!”