Published : 30 Aug 2026, 06:11 PM
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনে ৫২ দিনের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
রোববার তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। দায়িত্ব পালন শেষে দেশে আগামী ২২ অক্টোবর বা কাছাকাছি সময়ে তার দেশে ফেরার কথা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আগামী ৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হবে।
চল্লিশ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর। তিনি সোমবার থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন বলে এক সরকারি আদেশে বলা হয়েছে।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। সব ঠিক থাকলে ২১ সেপ্টেম্বর তার নিউ ইয়র্কে যাওয়ার কথা রয়েছে। এরপর সান ফ্রান্সিসকো যাওয়ারও কথা তার।
এদিকে খলিলুর রহমানের অবর্তমানে ঢাকার কূটনীতি সামলাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলাম। গত রোববার এক আদেশে হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দায়িত্ব সম্পাদনে সহায়তা করার কথা বলা হয়েছে।
এর মধ্যে হুমায়ুন কবির ‘দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত অন্য যে কোনো বিষয়ে’ পররাষ্ট্রমন্ত্রীকে সহয়তা করবেন।
শামা ওবায়েদের কাজ হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করা।
গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। ভোটে তিনি হারিয়েছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে।
নির্বাচনে মোট ভোট পড়েছে ১৯০টি। খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট এবং সাইপ্রাসের কাকোরিস পান ৯১ ভোট।
চল্লিশ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিক হুমায়ুন রশিদ চৌধুরী। খলিলুর ওই সময়ে হুমায়ুন রশিদ চৌধুরী ব্যক্তিগত সহযোগীর পদে ছিলেন।
আঞ্চলিকভাবে ঘুর্ণায়মান পদ্ধতিতে এবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে পরবর্তী সেশনের সভাপতি পেয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ।