ঢাকাকে নিয়ে শিল্পকলায় চিত্র প্রদর্শনী
প্রদর্শনীতে ঢাকার ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপনা, সংস্কৃতি, জীবনযাপনের ধারা বিভিন্ন শিল্পীর চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উদযাপনে শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনীতে ঢাকার ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপনা, সংস্কৃতি, জীবনযাপনের ধারা বিভিন্ন শিল্পীর চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম প্রদর্শনী উদ্বোধন করেন বলে নগর কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আবদুস সালাম বলেন, “ঢাকা শুধু একটি নগর নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। চিত্রশিল্পীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে সেই ঢাকা, সেই ইতিহাস ও ঐতিহ্যকে নতুনভাবে আমাদের সামনে তুলে ধরছেন।”
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক আবদুস সাত্তার এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ প্রদর্শনী উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
