১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সংবাদমাধ্যমে হস্তক্ষেপের ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী

“গণতন্ত্রের যেই পর্যায়ে আমরা আছি, আমার মনে হয় তার সমান সমান ক্রেডিট সংবাদ মাধ্যমেই যায়,” বলেন মন্ত্রী।

সংবাদমাধ্যমে হস্তক্ষেপের ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী
ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থতথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 08:53 AM

Updated : 17 Sep 2026, 02:57 AM

সংবাদমাধ্যমে কোনো হস্তক্ষেপের ইচ্ছা সরকারের নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেছেন, “আজকে আমরা যেখানে আছি, সংবাদমাধ্যম আছে বলেই সেখানে আছি। যার কারণে আজকে বাংলাদেশে গণতন্ত্রের যেই পর্যায়ে আমরা আছি, আমার মনে হয় তার সমান সমান ক্রেডিট সংবাদ মাধ্যমেই যায়।

“ইনশাআল্লাহ আমাদের এই সময় প্রো-মিডিয়া পাবেন এবং আমাদের তরফ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে নেই।”

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ স্বপ্নের বাংলাদেশে, সোনার বাংলাদেশ হবে।”

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতার সার্বজনীন রূপ হল- গণমাধ্যম সত্য প্রচার করবে এবং অনেক যাচাই-বাছাইয়ের পর সত্য প্রচার করবে। সত্য প্রচার করতে গিয়ে জীবনের ঝুঁকি এলেও সেই ঝুঁকি সাংবাদিককে বরণ করে নিতে হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে তিনি বলেন, “প্রচলিত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে রিপোর্টার, নিউজ এডিটর ও এডিটর থাকেন। তারা একটি সংবাদ পরিশুদ্ধ করে এরপর প্রচার করেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নিউজ এডিটর বা চিফ রিপোর্টার নেই।

“কে দ্বিতীয় বিয়ে করেছে, কার ছেলে কার মেয়ের সঙ্গে প্রেম করছে—এটা তো সংবাদপত্রের নিউজ হতে পারে না।”

গণতন্ত্রকে বিকশিত ও শক্তিশালী করতে এবং আইনের শাসন নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন এ বিএনপি নেতা।

অনুষ্ঠানে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি, জামায়াতে ইসলামীর এহসানুল মাহবুব জুবায়ের, শফিকুল ইসলাম মাসুদ, ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন্দ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।