Published : 26 Dec 2025, 04:37 PM
চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
শুক্রবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নৌপরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন শুক্রবার সকালে ঢাকার সদরঘাটে দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শন করেছেন।
সেখানে উপদেষ্টা বলেন, তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। ‘এডভেঞ্চার-৯’ লঞ্চের পাঁচ কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
"তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
দুর্ঘটনায় ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় নিহত হন লঞ্চটির চার আরোহী; আহত হন বেশ কয়েকজন।
নৌ উপদেষ্টা হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
উপদেষ্টা জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা দেওয়া হচ্ছে। এছাড়া দায়ী লঞ্চ মালিকের কাছ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
চাঁদপুরে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪
ঘন কুয়াশায় লঞ্চ না চালানোর নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, প্রত্যেক লঞ্চের ফগ লাইট ও সাইড লাইট নিশ্চিত করতে হবে।
তিনি প্রত্যেক লঞ্চের ফিটনেস ও লাইসেন্স তদারকির জন্য নৌপরিবহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
উপদেষ্টার সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাও উপস্থিত ছিলেন।