বাংলাদেশে আছে ৫২ দেশের দূতাবাস: পররাষ্ট্রমন্ত্রী
বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮১টি কূটনৈতিক মিশন চালু রয়েছে।
বাংলাদেশে ৫২টি দেশের দূতাবাস রয়েছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
সোমবার সংসদে সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮১টি কূটনৈতিক মিশন চালু রয়েছে। এছাড়া আরও ১১টি নতুন মিশন স্থাপনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
মোমেন জানান, সকল প্রশাসনিক প্রক্রিয়া শেষে আফগানিস্তানের কাবুল ও সিয়েরালিওনের ফ্রিটাউনে দুটি মিশন চালুর অপেক্ষায় রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার জোহর বাহরু ও নরওয়ের আসলোতে মিশন স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছেন বলেও সংসদকে জানান তিনি।
প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন ও মন্ত্রিসভার অনুমোদনের পর ওআইসির (জেদ্দা, সৌদি আরব) স্থায়ী মিশন স্থাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পরে বুয়েন্স আইরেস (আর্জেন্টিনা), ডাবলিন (আয়ারল্যান্ড), ফ্রাঙ্কফুর্ট (জার্মানি), সাওপাওলো (ব্রাজিল) ও গুয়াংজোতে (চীন) মিশন স্থাপনের প্রস্তাব পরবর্তী অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন মন্ত্রী।
