Published : 04 May 2026, 10:16 PM
বাংলাদেশের লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গসহ চার রাজ্যের নির্বাচনের ভোট গণনার মধ্যে অনুপ্রবেশ রোধে সতর্ক থাকার কথা বলেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সোমবার রাতে এক বার্তায় সীমান্ত রক্ষার এই বাহিনী বলেছে, “সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে সদা তৎপর রয়েছে বিজিবি।”
তবে হঠাৎ করে এ ধরনের বার্তা দেওয়ার বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে বিজিবির উপ-মহাপরিচালক (মিডিয়া) কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন ও মিয়ানমাররের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বার্তা দেওয়া হয়েছে। এটা আমাদের নিয়মিত বার্তা। সীমান্ত নিরাপত্তা সুদৃঢ় রাখতে বিজিবি সব সময় সতর্ক থাকে। এটা নতুন কিছু নয়।”
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে ১৪৭টি আসন জিতে নিয়ে প্রথমবারের মতো এ রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।
এর মধ্য দিয়ে বাংলাদেশের লাগোয়া এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেড় দশকের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। তার দল তৃণমূল কংগ্রেস শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৫টি আসনে জয় পেয়েছে।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়। তাতে রেকর্ড ৯৩ শতাংশ ভোট পড়ে, যা পুরো ভারতেই নজিরবিহীন।
এই রাজ্য ছাড়াও আসাম, কেরালা, তামিলনাড়ু ও কেন্দ্র শাসিত পদুচেরির ভোটের ফল সোমবার ঘোষণা করা হবে।