১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হোসেন হত্যা: হাসিনাসহ ৩৪ জনের মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল

এদিন পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করায় তাকে এ আদালতে হাজির করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 01:39 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেনকে গুলি করে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর রেখেছে আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ দিন ঠিক করে দেন।

আসামিপক্ষের আইনজীবী গোলাম কিবরিয়া শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এদিন মামমলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করায় তাকে এ আদালতে হাজির করা হয়নি। এজন্য রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি পেছাতে আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ২৪ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ঠিক করে দেয়।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তি।

হোসেনের মৃত্যুর ঘটনায় মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তদন্ত করে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে গেল বছরের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান।

এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

শেখ হাসিনা ছাড়াও পলাতকদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু রয়েছেন।

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এ মামলায় কারাগারে আছেন। জামিনে রয়েছেন ১০ জন।