০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাসার গেইটে দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

পাশের একটি ভবন থেকে একটি গ্যাস সিলিন্ডার প্রথমে নিহতের ঘরের টিনের চালের ওপর পড়ে। এরপর সেটি গড়িয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 01:56 AM

Updated : 17 Sep 2026, 03:00 AM

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে নিচে পড়া গ্যাস সিলিন্ডারের আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

৫৫ বছর বয়সি জামাল নামে ওই ব্যক্তি নিজ বাসার সামনে গেইটে দাঁড়িয়ে ছিলেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে কামরাঙ্গীররচরের নূরবাগ এলাকার পুরানো পুলিশ ফাঁড়ি গলির একটি বাসার সামনে এ ঘটনায় জামাল গুরুতর আহত হন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান।

তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত জামাল নূরবাগ এলাকার ওই গলিতে টিনশেড বাড়িতে সপরিবারে থাকতেন। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন এবং দুই সন্তানের জনক।

জামালের স্ত্রী বিউটি বলেন, রাতে তার স্বামী বাসার গেইটের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাদের টিনশেড ঘরের দুই পাশে একটি পাঁচতলা ও একটি ছয়তলা ভবন রয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, হঠাৎ পাশের যেকোনো একটি ভবন থেকে একটি গ্যাস সিলিন্ডার প্রথমে তাদের ঘরের টিনের চালের ওপর পড়ে। এরপর সেটি জামালের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।

তবে সিলিন্ডারটি কীভাবে বা কোন ভবন থেকে পড়েছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।