১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জ্বালানি সাশ্রয়ে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার ভার্চুয়াল উপস্থিতিতে উভয় বিভাগে প্রথম শুনানি হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 09:53 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

‘জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে’ সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানির সময়সূচি দেওয়া হয়েছে; সঙ্গে দেওয়া হয়েছে জ্বালানি কমানোর নির্দেশনা।

বুধবার সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এসব পদক্ষেপের কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকাল ৪টা করা হয়েছে।

সরকারি গাড়িতে জ্বালানির মাসিক বরাদ্দ এবং সরকারি কার্যালয়ে সব ধরনের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশনাও তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে। 

এছাড়া গত ৫ মার্চ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ যে ১১ দফা জারি করে, সেকথাও স্মরণ করিয়ে দেওয়া হয়।

“উক্ত প্রেক্ষাপটে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অফিসের সময়সূচি হাই কোর্ট বিভাগ সকাল ৯টা থেকে বিকাল ৪টা এবং আপিল বিভাগ সকাল ৮টা থেকে বিকাল ৩টা নির্ধারণ করা হয়।” 

একইসঙ্গে সুপ্রিম কোর্টে ব্যবহৃত সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ করা জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 

বুধবার তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে উভয় বিভাগে প্রথম শুনানি হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলা শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং হাই কোর্ট বিভাগে ৬১২টি মামলা শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। 

উভয় বিভাগে মোট ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি নিষ্পত্তি হওয়ার কথাও তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে।