Published : 21 Feb 2026, 07:34 PM
কেউ মারমা, কেউ আবার গারো কিংবা মণিপুরি। তাদের ভাষা আলাদা হলেও অনুভূতি যেন একই লয়ে, তালে, ছন্দে হৃদয়ে এসে নাড়া দিয়ে যায়।
বিভিন্ন জনগোষ্ঠীর ১৫টি ভাষার কবিতায় এবারের একুশের অনুষ্ঠান সাজিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এই আয়োজনে বাংলার পাশাপাশি মান্দি, ইংরেজি, সাদ্রিসহ বিভিন্ন ভাষার কবিতা এবং বাংলা অনুবাদ পাঠ করা হয়।
শনিবার বিকালে আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরের এই অনুষ্ঠানে ছিল গান ও বিভিন্ন ভাষার বর্ণমালা নিয়ে প্রদর্শনী।
অনুষ্ঠানের সূচনা হয় বাঁশির সুরে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের পরিবেশনায়। এছাড়া 'আমি বাংলায় গান গাই' গেয়ে শোনান প্রমিলা বিশ্বাস।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক (কর্মসূচি) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মূলত ভাষার বৈচিত্র্য তুলে ধরছি। বাংলাদেশ ও অন্যান্য দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মাতৃভাষাকে গভীর শ্রদ্ধায় সম্মান জানিয়ে প্রতিবছরের ধারাবাহিকতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।"
অনুষ্ঠানে কবি আবুল হোসেনের 'তোমাকে নিয়ে যত খেলা' কবিতা আবৃত্তি করেন ইকবাল খোরশেদ। এরপর মারমা ভাষার কবিতা 'নৈরীসীহ্ টাইংখুংলাহ' কবিতা আবৃত্তি করেন মংহাই নু মারমা।
সাদ্রি ভাষায় রচিত '২১ ফেব্রুয়ারি' কবিতাটি আবৃত্তি করেন সাথী তির্কী। গারো জনগোষ্ঠীর মান্দি ভাষায় রচিত 'নাংখো খাসারা সালাম ও নিথুগিপা' পাঠ করেন মতেন্দ্র মানকিন।
রুমিতা সিনহা আবৃত্তি করেন মনিপুরি ভাষার কবিতা 'লালগৌগী বা্রী'। হাজং ভাষায় 'আমারৌ নি থামে' আবৃত্তি করেন টুম্পা হাজং।
চাকমা ভাষায় 'উঃম লুলোঙ' আবৃত্তি করেন রমিতা চাকমা; খেয়াং ভাষায় 'উলুং-অং ক্যহ্ আ-সা-ম' আবৃত্তি করেন অংক্রাথুই খেয়াং; মাহাতো ভাষায় 'একলে হাটব' আবৃত্তি করেন পলাশ কুমার মাহাতো ও ম্রো ভাষায় 'আকম আক্তাত ছুং' আবৃত্তি করেন সং ক্রাত ম্রো।
এছাড়া আবৃত্তি করা হয় ইংরেজি ভাষায় রচিত কবি রবার্ট ফ্রস্টের 'স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং'। পাঠ করেন তামান্না সারোয়ার।
ফরাসি ভাষায় রচিত শার্লস বোদলেয়ারের 'করেসপন্ডেন্স, লেস ফ্লুরস দে মাল' পাঠ করেন হোসাইন মাহমুদ, চীনা ভাষায় রচিত একটি কবিতা পাঠ করেন অনিকা আক্তার এবং কবিতাটির অনুবাদ পাঠ করেন মনোয়ার মাহমুদ, যার বাংলা অর্থ 'আমি এই ভূমিকে ভালোবাসি'।
ককবরক ভাষার কবিতা 'খাকসোমা' আবৃত্তি করেন সাগর ত্রিপুরা; সানতাল ভাষায় রচিত 'মিত টেন গোগো দন' আবৃত্তি করেন আদিত্য মার্ডী।
এর বাইরে অনুষ্ঠানে বাংলা ভাষায় রচিত আরও দুটি কবিতা আবৃত্তি করেন মহিউদ্দিন শামীম ও মাহমুদা সিদ্দিকা।