উপস্থিতি দেখতে খিলগাঁও আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক
পরিদর্শনের শুরুতেই কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ (খিলগাঁও তিলপাপাড়া) এর আঞ্চলিক কার্যালয় হঠাৎ পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
এ সময় উপস্থিতির খাতা যাচাই করেন তিনি। অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিসসহ আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১০টায় ওই কার্যালয়ে যান ডিএসসিসি প্রশাসক।
পরিদর্শনের শুরুতেই কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়, যাতে পরিদর্শন শুরু হওয়ার পর দেরি করে আসা কর্মকর্তা বা কর্মচারী ভেতরে প্রবেশ করতে না পারেন।
পরে তিনি প্রতিটি কক্ষ ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন এবং হাজিরা খাতায় অনুপস্থিতদের চিহ্নিত করার নির্দেশ দেন।
অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে নির্দেশ দেন প্রশাসক।
পরিদর্শনকালে নাগরিক সেবার মান বাড়ানোর ওপর জোর দেন তিনি। এছাড় সংশ্লিষ্ট অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক।
