২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: সবুজা বেগমের পাশে শিরিন সাজমিলা ফাউন্ডেশন

“সবুজা খালাই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত ১৬ বছর ধরে তিনি মাইলস্টোন কলেজে কাজ করে মেয়ে রুমানা ও অসুস্থ স্বামীকে নিয়ে পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছিলেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 07:11 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর শিশুদের বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মারত্মক আহত হয়েছেন স্কুলের আয়া সবুজা বেগম। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কাতরাচ্ছেন তিনি। তার পাশে দাঁড়িয়েছে শিরিন সাজমিলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

সবুজা বেগমের ত্যাগের গল্পটি প্রথম ফেইসবুকে পোস্ট করে জানান এ সংগঠনের নির্বাহী পরিচালক সাজিদান রাফসান। তার সেই পোস্ট ভাইরাল হয়। ২০ হাজারের বেশি মানুষ তা শেয়ার করেন। 

আগুন লাগার পর সবুজা বেগম নিরাপদেই বেরিয়ে এসেছিলেন। কিন্তু শিশুদের কান্না শুনে আবার ফিরে যান। একের পর এক বাচ্চাকে উদ্ধার করতে থাকেন, শেষ পর্যন্ত তাকে পাওয়া অগ্নিদগ্ধ ও অচেতন অবস্থায়।

তিনি জাতীয় বার্ন ইন্সটিটিউটের আইসিইউতে ভর্তি হওয়ার পর থেকেই শিরিন সাজমিলা ফাউন্ডেশনের টিম তার চিকিৎসা, পরিবার ও আর্থিক দায়িত্ব নিয়ে পাশে রয়েছে বলে ফাউন্ডেশনের ভাষ্য।

সংগঠনটির মহাসচিব আহসানুল আরেফিন বলেন, “তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। তার স্বামী দীর্ঘদিন কিডনি রোগে ভোগার পর মাত্র ৪৩ দিন আগে মারা গেছেন। সবুজা খালাই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত ১৬ বছর ধরে তিনি মাইলস্টোন কলেজে কাজ করে মেয়ে রুমানা ও অসুস্থ স্বামীকে নিয়ে পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছিলেন। আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে তার পাশে দাঁড়িয়েছি।”

আহসানুল বলেন, “শুধু সবুজা বেগমই নন, শিরিন সাজমিলা ফাউন্ডেশনের টিম ইতোমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে ভুক্তভোগী রোগীদের শনাক্ত করছে; যাতে কোনো আসল ভিকটিম সরকারি তালিকা থেকে বাদ না পড়ে।”

তিনি বলেন, শিরিন সাজমিলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন গত এক দশক ধরে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করছে। তারা প্রতিবন্ধী সেবা, কৃষকদের পুনর্বাসন, নারীদের স্বাস্থ্যসেবা ডিজিটালাইজেশন এবং আদিবাসী শিল্পীদের ক্ষমতায়নে কাজ করে আসছে। 

২০২৪ সালে জুলাই আন্দোলনের শত-শত শহীদ ও আহত ছাত্রদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে অন্তত ১০ হাজারের বেশি বন্যাদুর্গতের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে ফাউন্ডেশন।