Published : 23 Jun 2026, 07:52 PM
ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় প্রাণী বৈচিত্র্য বৃদ্ধি এবং দর্শনার্থী আকর্ষণে দক্ষিণ আফ্রিকা থেকে জোড়া কমন ইল্যান্ড ও ওয়াইল্ড বিস্ট আনা হয়েছে।
মঙ্গলবার চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণীগুলোকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমন ইল্যান্ড আফ্রিকার বৃহত্তম প্রজাতির অ্যান্টিলোপগুলোর মধ্যে অন্যতম। আর ওয়াইল্ড বিস্ট আফ্রিকার তৃণভূমিতে বসবাসকারী পরিচিত ও আকর্ষণীয় বন্যপ্রাণী।

অবমুক্ত করা কমন ইল্যান্ডের একটি ছেলে ও অন্যটি মেয়ে। তবে দুটি ওয়াইল্ড বিস্টই ছেলে।
চিড়িয়াখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং বিনোদনের সমন্বয়ে জাতীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন প্রাণীর সংযোজন সেই উদ্যোগেরই একটি অংশ।
“নতুন এ প্রাণীগুলো নিয়ে আসায় দর্শনার্থীরা যেমন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, তেমনি দেশের প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমও আরও সমৃদ্ধ হবে।”
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।