Published : 10 Aug 2026, 05:33 PM
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি থেকে ১ কেজি ৮১২ গ্রাম সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, গোপন খবরে অভিযান চালানোর সময় গাড়িটি ফেলে পালিয়ে যান চালক। পরে সেই গাড়িতে ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার টাকা। সোনা ছাড়াও গাড়ি থেকে নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন ও বিভিন্ন ব্যাংকের কার্ড উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার।