Published : 21 Oct 2025, 12:04 AM
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সংস্কারে কাজ ও অর্থ খরচের স্বাধীনতাসহ অগ্রাধিকারমূলক সাতটি সুপারিশ তুলে ধরেছে এ বিষয়ে গঠিত বিশেষজ্ঞ টাস্কফোর্স।
প্রশাসন ক্যাডারের পরিবর্তে পেশাদার কাউকে বিবিএসের নেতৃত্বে আনার সুপারিশও করেছে টাস্কফোর্স।
সোমবার প্রকাশিত টাস্কফোর্সের চূড়ান্ত প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়।
টাস্কফোর্স মনে করে, বিবিএসের স্বাধীনতা খর্ব হচ্ছে অপেশাদার লোকবলের ওপর নির্ভরশীলতার কারণে। সংস্থাটির অর্থায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিবিএসের দেখভাল করতে আমলাতান্ত্রিক ‘মেকানিজমের’ মধ্য দিয়ে যেতে হয়। এর বাইরে গিয়ে একটা ‘সুপরিকল্পিত শীর্ষস্থানীয় নিয়ন্ত্রণকারী যন্ত্র’ প্রতিষ্ঠার সুপারিশ করেছে টাস্কফোর্স।
এখনকার সাংগঠনিক কাঠামোতে কর্মকর্তাদের পেশাজীবনে উন্নতির ক্ষেত্রে ‘চ্যালেঞ্জ’ রয়েছে তুলে ধরে টাস্কফোর্স বলছে, এর জন্য তারা হতাশায় ভোগেন। এক্ষেত্রে পেশাদার ব্যক্তিদের ‘মেধার’ ভিত্তিতে এগিয়ে নেওয়ার কথা বলেছে টাস্কফোর্স।
বর্তমানে এর প্রধান হিসেবে দ্বিতীয় গ্রেডের একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে আনা হয়। টাস্কফোর্স এর বিপরীতে পেশাদার ব্যক্তিকে নিয়োগের সুপারিশ করেছে। সেক্ষেত্রে বেতন উচ্চতর গ্রেডে নেওয়ার সুপারিশ রয়েছে প্রতিবেদনে।
বিবিএসের সাংগঠনিক কাঠামোর মধ্যে অতিরিক্ত তথ্য সংগ্রহ, তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য প্রচার ও আইটি বিষয়ক ইউনিট প্রতিষ্ঠারও সুপারিশও এসেছে টাস্কফোর্সের তরফে।
প্রতিবেদনে বলা হয়, “বিবিএস একই সঙ্গে অপর্যাপ্ত অর্থায়ন ও তার অস্বচ্ছ ব্যবহারে ভুগছে।” এর পরিপ্রেক্ষিতে বিশেষ জরিপের জন্য বিদেশি সহযোগী সংস্থা থেকে অর্থের যোগান নিশ্চিত করার সুপারিশ করেন তারা।
‘রাজনৈতিক হস্তক্ষেপ’ ছাড়া স্বাধীনভাবে সবার জন্য তথ্য প্রকাশ করার সুপারিশ করেছে টাস্কফোর্স। এক্ষেত্রে এর ‘মেটাডেটা’ ও গবেষণা পদ্ধতি যেন মাঝেমধ্যে পর্যালোচনা করা হয়, সে কথাও রয়েছে প্রতিবেদনে।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে টাস্কফোর্সের প্রতিবেদন দাখিল করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহামুদের কাছে এ প্রতিবেদন দাখিল করা হয়। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন সামনে আসে সোমবার।
টাস্কফোর্সের সভাপতি ছিলেন পাওয়ার অ্যান্ড পারটিসিপেশন সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
এর সদস্য ছিলেন বিবিএসের সাবেক মহাপরিচালক হোসেন আবদুল ওয়াজেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটির অধ্যাপক ড. সৈয়দ শাহাদাৎ হোসেন, পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. অতনু রব্বানী এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনুস।