Published : 10 Feb 2026, 01:17 AM
নির্বাচনি আইন অমান্যে নির্বাচন কমিশনের ‘নির্লিপ্ততা’ ও ‘উদাসীনতায় ক্ষোভ’ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার বিকালে নির্বাচন কমিশানের সঙ্গে বৈঠক শেষে এ প্রতিক্রিয়া তুলে ধরেন দলটির যুগ্মমহাসচিব শেখ ফজলে বারী মাসউদ।
ইসলামী আন্দোলনের ৫ সদস্যের প্রতিনিধি দলে মাসউদের পাশাপাশি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান।
বৈঠক শেষে ফজলে বারী মাসউদ বলেন, “ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নির্বাচনি আইন অমান্যে ইসির নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন করা হয়েছে, টাকার ছাড়াছড়ি নিয়ন্ত্রণে ইসির উদাসীনতা এবং বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলনে নারী কর্মীদের ওপরে হামলার ঘটনায় ইসির কোনো পদক্ষেপ না নেয়ার ব্যাপারে দলের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়েছে, তারা ভবিষ্যতে বিষয়গুলোর প্রতি আরও আন্তরিক হবেন বলে কথা দিয়েছেন।
“নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ইসির পক্ষ থেকে আরো নিবিড় ও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করা হয়। একই সঙ্গে ব্যর্থতায় অতীতের নির্বাচন কমিশনগুলোর পরিণতি স্বরণ করিয়ে দেয়া হয়।”
তিনি বলেন, “জালভোট দেওয়ার প্রস্তুতি নিয়ে সংবাদ পাওয়া যাচ্ছে। সেই বিষয়ে ইসিকে সতর্ক করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে দলের উদ্বেগ জানানো হয়েছে। জনপ্রশাসনের বিশেষ কোনো কোনো দলের প্রতি ঝুঁকে যাওয়ার বিষয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।”