Published : 17 Jun 2026, 06:35 PM
বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের ডিজিটালাইজেশন, কর ছাড় কমানো ও ঝুঁকিভিত্তিক নিরীক্ষা জোরদারের পরিকল্পনার কথা সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এক বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ২ শতাংশ এবং পাঁচ বছরের মধ্যে ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।
সরকারপ্রধান বলেন, ২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে দেশে কর-জিডিপির অনুপাত ৬ দশমিক ৮।
কর বিভাগের এন্ড-টু-এন্ড ডিজিটালাইজেশন, অনলাইনে উৎসে কর কর্তন, অপ্রয়োজনীয় কর ছাড় কমানো, কর আইন সরলীকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অনলাইন সেবা এবং কর ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।
বিএনপির নতুন সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয়ের এই বাজেটে রাজস্ব লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।
তিস্তা মহাপরিকল্পনায় সমীক্ষা শেষ
টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায় অনুমোদিত হয়েছে।
তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা যাবে এবং জিডিপিতে শূন্য দশমিক ৪৫ শতাংশ অতিরিক্ত প্রবৃদ্ধি অর্জিত হবে
এছাড়া আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের কথাও বলেন সরকারপ্রধান।
রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সমীক্ষা শেষ হয়েছে। এতে ১১০ কিলোমিটার নদী তীর সংরক্ষণ, ১১০ কিলোমিটার নদী খনন, ২২৪ কিলোমিটার বাঁধ ও বাঁধের ওপর রাস্তা, ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ-মেরামত এবং ১৭০ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধারের প্রস্তাব রয়েছে।
তিনি জানান, তিস্তায় শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য আরেকটি ব্যারেজ নির্মাণের কারিগরি ও আর্থিক দিক পরীক্ষা করা হচ্ছে।
নতুন শ্রমবাজারে চোখ
ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলামের প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েতসহ প্রচলিত বাজারে কর্মী পাঠানোর পাশাপাশি নতুন শ্রমবাজারে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে।
মালয়েশিয়ার বিষয়ে তিনি বলেন, শ্রম অভিবাসন ব্যবস্থার কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করে স্বচ্ছ ও বাস্তবসম্মত নিয়োগ প্রক্রিয়া গড়ে তোলার কাজ চলছে, যাতে ‘তৃতীয় পক্ষের দৌরাত্ম্য’ থেকে শ্রমিকরা সুরক্ষিত থাকেন।
তারেক রহমান জানান, অস্ট্রিয়া ও মাল্টার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে। পোল্যান্ড, রোমানিয়া, সার্বিয়া, পর্তুগাল, কসোভো, নর্থ মেসিডোনিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ডে শ্রমবাজার সম্প্রসারণে কাজ চলছে।
জাপানের সঙ্গে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার কথাও বলেছেন তিনি।
হজের খরচ কমানোর চেষ্টা করবে সরকার
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, হজের ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে ২০২৭ সালের প্যাকেজ মূল্য কমানো অথবা যৌক্তিকভাবে নির্ধারণের চেষ্টা করা হবে।
তিনি বলেন, চলতি বছর সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা, কোববানিসহ। এর মধ্যে সৌদি আরব পর্বের ব্যয় ৩ লাখ ৭৯৭ টাকা এবং বাংলাদেশ পর্বের ব্যয় ১ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা, যার মধ্যে বিমান ভাড়া ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৫ সালে সর্বনিম্ন হজ প্যাকেজ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। ২০২৬ সালে তা ১১ হাজার ৭৫ টাকা কমানো হয়েছে।
চীনা অনুদানে নীলফামারীতে হাসপাতাল
নীলফামারী জেলার অবকাঠামো, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে চীনা অনুদানে এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমাণ।
এ ছাড়া উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল-ইপিজেড সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় থাকার কথা বলেছেন তিনি।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, উত্তরা ইপিজেডে ২৭টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে; এর মধ্যে ১৪টি বিদেশি ও ১৩টি বাংলাদেশি মালিকানাধীন। বর্তমানে ওই ইপিজেডে ৩৫ হাজার ২৩২ জন বাংলাদেশি কর্মরত আছেন। আরও ছয়টি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের প্রক্রিয়া চলছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ প্রকল্পের আওতায় নীলফামারী সদরে এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকে অনুমোদিত হয়েছে।
৫১ কারখানার বিরুদ্ধে মামলা
পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেছেন, পরিদর্শনে অগ্নি ঝুঁকি শনাক্ত হওয়া ৫১টি কারখানার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করা হয়েছে। ২০২১ সালের জুলাই থেকে ৩৪টি খাতের ১০ হাজার ২০৭টি কলকারখানা পরিদর্শন করা হয়েছে।
তিনি বলেন, পরিদর্শনে পাওয়া ত্রুটি সংশোধনে কারখানাগুলোকে ‘কারেকটিভ একশন প্ল্যান’ দেওয়া হয়। প্রথম পর্যায়ে সিএপি বাস্তবায়নের সার্বিক অগ্রগতি ৫০ শতাংশ।
বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলামের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেছেন, চিকিৎসার জন্য বিদেশগামী রোগীর সংখ্যা কমাতে বিশ্বমানের হাসপাতাল নির্মাণে কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পাবনার মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া চীনা অনুদানে নীলফামারী সদরে এক হাজার শয্যার হাসপাতাল, ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫০০ থেকে ৭০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল এবং ধামরাইয়ে একটি ‘রিহ্যাবিলিটেশন সেন্টারের’ প্রস্তাব করার কথা বলেছেন সরকারপ্রধান।
তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনের কাজ চলমান রয়েছে।
ভূ-উপরিস্থ পানি বাড়ানোর পরিকল্পনা
ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে ২০৩০ সালের মধ্যে ভূ-উপরিস্থ পানির সরবরাহ বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা ওয়াসা এখন ৬৫ থেকে ৭০ শতাংশ পানি ভূগর্ভস্থ উৎস থেকে এবং ৩০ থেকে ৩৫ শতাংশ পানি ভূ-উপরিস্থ উৎস থেকে সংগ্রহ করছে।
চট্টগ্রামে সরবরাহকৃত পানির প্রায় ৯২ শতাংশ নদী ও জলাধারের মতো ভূ-উপরিস্থ উৎস থেকে আসে।
তবে রাজশাহীতে দৈনিক সরবরাহের মাত্র ২ শতাংশ ভূ-উপরিস্থ পানি। শতভাগ ভূ-উপরিস্থ পানি সরবরাহের লক্ষ্যে রাজশাহী ওয়াসার ২০ কোটি লিটার ক্ষমতার পানি শোধনাগার প্রকল্পের ৪৮ শতাংশ কাজ শেষ হয়েছে।
৭৬ ভ্রাম্যমাণ লাইব্রেরি
দেশে পাঠাভ্যাস কমে যাওয়ার প্রশ্নে সরকারি-বেসরকারি গ্রন্থাগারের মাধ্যমে পাঠক বাড়ানোর কর্মসূচির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হকের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের আওতাধীন ৭১টি সরকারি গণগ্রন্থাগার পাঠকসেবা দিয়ে থাকে। ২০২৫-২৬ অর্থবছরে এসব গ্রন্থাগারে পাঠক সংখ্যা ১২ লাখ ১৩ হাজার ৪০৫। নিবন্ধিত সদস্য ১৫ হাজার ৫৬১ জন এবং পুস্তকের সংখ্যা ২৮ লাখ ৬৭ হাজার ৫৭৩টি।
সরকারপ্রধান বলেন, ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে ৩৬৮ উপজেলা বা থানার ৩ হাজার ২০০ স্পটে বই পড়ার সুযোগ তৈরি হয়েছে। সারাদেশের ৮৪৩টি নির্বাচিত গ্রন্থাগারকে প্রায় ৯০ হাজার বই অনুদান দেওয়া হয়েছে।
‘কৃষি বিপ্লবের’ আশা
কৃষি উৎপাদন বাড়ানো ও কৃষকের জীবনমান উন্নয়নে কৃষক কার্ড বিতরণ, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, খাল খনন, সুলভ মূল্যে সার-বীজ সরবরাহ এবং কৃষি প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথা সংসদে বলেছেন সরকারপ্রধান।
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ‘আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু, প্রযুক্তিনির্ভর ও কৃষক-কেন্দ্রিক আধুনিক কৃষি ব্যবস্থা’ গড়ে তোলা।
তারেক রহমান বলেন, গত ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রাক-পরীক্ষামূলক পর্যায়ে আট বিভাগের ১০ জেলার ১১ উপজেলার ১১ কৃষি ব্লকে এ কার্যক্রম চলছে। এখন পর্যন্ত ২০ হাজার ৮৩২টি কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্যখাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সম্পূর্ণ মওকুফ করেছে। এতে চলতি অর্থবছরে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে; প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ কৃষক উপকৃত হবেন।
তারেক রহমান বলেন, দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে, জলাবদ্ধতা নিরসন হবে, সেচ সুবিধা নিশ্চিত হবে এবং খাদ্য নিরাপত্তা সুরক্ষিত হবে।
কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও গম সংগ্রহ এবং দেশব্যাপী ‘কৃষকবাজার’ স্থাপনের কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস ও ড্রোন ব্যবহারের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তিনি।
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা
কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, দ্বিতীয় যমুনা সেতু, পাটুরিয়া-দৌলতদিয়া অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
রেল যোগাযোগে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে ২৪টি প্রকল্প নির্ধারণ করা হয়েছে, বলেন তিনি।
দেশের সড়ক ও রেল যোগাযোগ উন্নত করতে জাতীয় মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিড, মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা, ঢাকার রিং রোড ও রেডিয়াল রোড নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও বলেছেন তারেক রহমান।
কৃষি ভর্তুকির ২৪ হাজার কোটি টাকা পরিশোধ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ভর্তুকি, প্রণোদনা ও সহজ শর্তে ঋণের কথা বলেছেন প্রধানমন্ত্রী।
নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে তিনি বলেন, সার, সেচে বিদ্যুৎ ও আখচাষীদের ভর্তুকির জন্য চলতি অর্থবছরে এ পর্যন্ত ২৪ হাজার ৩০৯ কোটি ৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
কৃষি প্রণোদনায় ৭০০ কোটি টাকা বরাদ্দের মধ্যে ৫৬৩ কোটি ৯৬ লাখ টাকা ছাড় করার কথা বলেছেন সরকারপ্রধান।
লক্ষ্য চার কোটি ফ্যামিলি কার্ড
নারীপ্রধান পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা বলেছেন তারেক রহমান।
সংরক্ষিত নারী আসনের সদস্য নুরুন্নিসা সিদ্দীকার প্রশ্নে তিনি বলেন, পরীক্ষামূলক পর্যায়ে এ পর্যন্ত ৩৬টি ইউনিটের ৬০ হাজার ৪৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে চার কোটি পরিবারের নারীপ্রধানের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।