Published : 16 Jul 2025, 01:49 AM
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিায় ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ সুবিধা চালু হওয়ার কথা বলছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার রাতে নিজের ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, “মালয়েশিয়ায় আমাদের বাংলাদেশি ভাই-বোন যারা আছেন, তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসার ঘোষণা দিয়েছে। এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে।”
‘শর্ত পূরণে ব্যর্থ হওয়ায়’ কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠানোর খবরের মধ্যে এ ভিডিও বার্তা দিলেন আসিফ নজরুল।
উপদেষ্টার ভিডিও বার্তার পর একই তথ্য তুলে ধরে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
“বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর গত ১০ জুলাই এ বিষয়ে পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার।”
ওই বৈঠকের বিষয়ে আসিফ নজরুল তার ভিডিও বার্তায় বলেন, “দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
“অবশেষে গত ১০ জুলাই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে পরিপত্র জারি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “যেসব বাংলাদেশি কর্মীর পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেএস) ইস্যু করা আছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবেই ইস্যু হয়ে যাবে।”
উপদেষ্টা বলেন, “যেসব বাংলাদেশি কর্মীর সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এবং পিএলকেএস বৈধ আছে, তারা এখন থেকে নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে আসা-যাওয়া করতে পারবেন।
“এ বিষয়ে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে।”
আসিফ নজরুল বলেন, “মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। এর মধ্যে কেবল বাংলাদেশি কর্মীদেরই মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল।
“এ কারণে বাংলাদেশি কর্মীদের বহু ভোগান্তিতে পড়তে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ায় তারা স্বস্তি পাবেন।”
সোমবার মালয়শিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার বলেছে, ‘শর্ত পূরণে ব্যর্থ হওয়ায়’ কারণ দেখিয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৩১ জনকে আটকে দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।
ইংরেজি দৈনিকটি বলছে, ওই ১৩১ জনকে যার যার দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৯৬ জনই বাংলাদেশি।
শর্ত পূরণ না হওয়া বলতে ‘সন্দেহজনক’ হোটেল বুকিং, ইমিগ্রেশন কাউন্টারে হাজির না হওয়া এবং পর্যাপ্ত অর্থ সঙ্গে না রাখার মত কারণ দেখানো হয়েছে।