Published : 08 Jan 2026, 12:01 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন যারা করছেন তারা ‘ইনসাফ পাবেন’ বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রাঙ্গনে আপিল আবেদনের বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।
সিইসি বলেন, উদ্দিন বলেন, “আমরা ইনসাফে বিশ্বাসী; আমরা ইনসাফ করবো। শুনানির পরে দেখবেন আইন, বিধি বিধান অনুযায়ী যা হবে আমরা সে ধরনের সিদ্ধান্ত দেব। আইন সবার জন্য সমান, সবাই মানতে বাধ্য।”
এবার নির্বানে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।
ঋণখেলাপি, দ্বৈত নাগরিক, মামলার তথ্য, ১% সমর্থন তালিকায় গড়মিলসহ একগুচ্ছ কারণে বাদ হয়েছেন আগ্রহী প্রার্থীরা।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়েছে সোমবার থেকে। আবেদনের চতুর্থদিন চলছে বৃহস্পতিবার; তিনদিনে ২৯৫ জন আবেদন করেন।
৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিলের আবেদন।
সিইসি বলেন, “নির্বাচন কমিশন হচ্ছে আপিল কর্তৃপক্ষ। রিটার্নিং অফিসাররা যে সিদ্ধান্ত দেন-যদি রিজেক্ট হয় তাও আমাদের কাছে আপিল করতে পারে, কারোটা গ্রহণ করা হলেও আপিল করতে পারে। আইন অনুযায়ী ন্যায় বিচার পাবে।”
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘তেমন উন্নতি হয়নি’ এবং ‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি’।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, “বলতেই পারে। আমরা অতীতে দেখেছি মনোনয়নপত্র জমার সময় অনেক ভায়োলেন্স হয়; এবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে; কোথাও মারামারি হয়েছে, গোলমাল হয়েঝে এমন তথ্য পাইনি এবার। এটা ভালো দিক।
“অনেকে বলেছে ইসি এটা করেছে, ওটা করেছে; বাতিল করে দিয়েছে অন্যায়ভাবে- রিটার্নিং অফিসারের ক্ষমতা রয়েছে, আইন তাদের ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। রিটার্নিং অফিসার উনাদের সিদ্ধান্ত দিয়েছেন, যারা আপিল করবেন আমরা আইন অনুযায়ী যা করার করবো, কমিশন থেকে সিদ্ধান্ত দেবে। সম্পূর্ণ ন্যায় বিচার পাবেন তারা।”
তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদনের শুনানি করে নিষ্পত্তি করবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি