Published : 07 Jul 2025, 10:47 AM
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় লঘুচাপ তৈরি হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টি হচ্ছে; এর (লঘুচাপ) প্রভাবে আরও বাড়বে। তবে ভারি বৃষ্টিটা ২৪ ঘণ্টা পর কমে যাবে।”
আবহাওয়ার এক সতর্কবার্তায় দেশের তিন বিভাগে একদিনের ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
অতি ভারি বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয় ওই বার্তায়।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।
এদিকে বৃহস্পতিবার থেকে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ ১৪৪ মিলিমিটার বৃষ্টি ঝরেছে কক্সবাজারে। এ সময়ে পটুয়াখালীর খেপুপাড়ায় ১১৫ মিলিমিটার, পটুয়াখালীতে ৪২, সিলেটে ৪১, ভোলায় ৩৫, বরিশালে ৩৩, খুলনার কয়রায় ২৭ ও বান্দরবানে ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অনান্য এলাকায় কম-বেশি বৃষ্টি ঝরেছে।