১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

“সিআইডি সদস্যরা বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করেন,” বলেন পুলিশ কর্মকর্তা জসিমউদ্দীন।

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
বাবার সঙ্গে তৌহিদ আফ্রিদি (বাঁয়ে)।  ছবি: তৌহিদ আফ্রিদির ফেইসবুক

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 12:06 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি।

সিআাইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দীন বলেন, তাদের একটি দল বরিশাল থেকে তৌহিদকে গ্রেপ্তার করে। 

বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে আসা সিআইডির সদস্যরা আমাদের সহায়তায় তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন।

“তৌহিদের অবস্থান তথ্যপ্রযুক্তির সহায়তায় বের করা হয়।” 

বরিশালের কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বাংলা বাজার এলাকার পপুলার ডায়গনষ্টিক ল্যাবের পাশের একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণী অনুযায়ী, গত বছরের ৫ অগাস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন আসাদুল। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গত বছরের ৩০ অগাস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়।  

মামলায় আসামির তালিকায় নাসির উদ্দিন ও তৌহিদ আফ্রিদির নামও রয়েছে।

রোববার গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠানো হয় তাকে।