১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর প্রেমিককে হত্যার দায়ে যাবজ্জীবন

২০১২ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

স্ত্রীর প্রেমিককে হত্যার দায়ে যাবজ্জীবন
আসামি মো. শাহাদাৎ হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 02:19 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

প্রায় ১৪ বছর আগে ঢাকার তেজগাঁও এলাকায় স্ত্রীর প্রেমিককে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল ইসলাম সোমবার এ রায় ঘোষণা করেন। 

আসামি মো. শাহাদাৎ হোসেনকে যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম সরকার জানান, রায় ঘোষণার সময় শাহাদাৎ হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, শাহাদাতের স্ত্রীর সঙ্গে আনিস নামের এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে শাহাদাৎ তার স্ত্রীর সঙ্গে আনিসকে দেখা করতে নিষেধ করেন। 

তারপরও আনিস ওই নারীর সঙ্গে দেখা করলে শাহাদাত ক্ষুব্ধ হন। এর জেরে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের পাশের ফুটপাতে আনিসকে ছুরি মেরে হত্যা করেন লাশ ফেলে চলে যান শাহাদাৎ।

খবর পেয়ে পুলিশ আনিসের লাশ উদ্ধার করে। তেজগাঁও থানার তৎকালীন এসআই মো. মাইদুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। 

তদন্তে গিয়ে পুলিশ জানতে পারে, আনিসকে খুন করেছেন শাহাদাৎ। তদন্ত শেষে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তেজগাঁও থানার তৎকালীন এসআই  কাজী সাহান হক। 

একই বছর ২৭ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলার বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৪ জনের জবানবন্দি শোনেন বিচারক। 

আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার শাহাদাৎকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।