Published : 03 Sep 2026, 04:22 PM
দুর্নীতির মামলায় পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের প্রায় ১৪ একর জমি ও দুটি গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত।
এছাড়া তার নামে থাকা ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, সাবেক এই এমপির নামে পাবনা এলাকায় থাকা ১৩ দশমিক ৯৯ একর জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এ জমির মূল্য ১ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার দেখানো হয়েছে। আর ব্যাংক হিসাবে ৭৪ লাখ ১০ হাজার ৪৯৫ টাকা রয়েছে।
তবে দুদকের আবেদনে গাড়ির দাম বলা হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা জমি ও গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, গোলাম ফারুক খন্দকার প্রিন্স সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ‘ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে’ ৯ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জন করেছেন।
দুদক বলেছে, সাবেক এই এমপি তার নামে থাকা ৩৬টি ব্যাংক হিসাবে ২১২ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ১০০ টাকা জমা এবং ২১২ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৮৯৭ উত্তোলনসহ মোট ৪২৫ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৯৭ টাকার ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেন করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, ‘দুর্নীতি ও ঘুষ গ্রহণের করে অর্জিত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল’ করার জন্য আওয়ামী লীগের সাবেক এই এমপি তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে ‘অপরাধ’ করেছেন।
২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই বছরের ২২ অক্টোবর আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।
গেল বছর ২০ ফেব্রুয়ারি দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদক গোলাম ফারুক খন্দকার প্রিন্সের বিরুদ্ধে মামলা করে।
মামলায় ৯ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদনে দুদক বলেছে, তদন্তকালে নথি পর্যালোচনায় দেখা যায়, আসামি তার নামে থাকা এবং স্বার্থ সংশ্লিষ্ট এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন।
দুদক মনে করছে, মামলা নিষ্পত্তির আগে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে ক্ষতি হতে পারে। এ অবস্থায় তার স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।