০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেরাদিয়া ও আফতাবনগরে পশুর হাট বসবে না: হাই কোর্টের আদেশ বহাল

বুধবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।

মেরাদিয়া ও আফতাবনগরে পশুর হাট বসবে না: হাই কোর্টের আদেশ বহাল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 05:25 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

রাজধানীর মেরাদিয়া এবং আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট না বসানোর বিষয়ে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে যে আবেদন করা হয়েছিল, তার শুনানি করে বুধবার ‘নো-অর্ডার’ দিয়েছেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেন, “হাই কোর্টের আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত।“

কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে বলা হয়েছে, ঈদুল আজহার দিনসহ পাঁচদিন কোরবানির পশুর হাট বসানো যাবে। 

এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে লিগ্যাল রাইটসের তরফে রিট মামলা করেন স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন সিকদার।

ওই আবেদনের প্রেক্ষিতে গত ২৯ এপ্রিল হাই কোর্ট হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেয়। সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এছাড়া ২৪ এপ্রিল আফতাবনগরে পশুর হাট না বসাতে উকিল নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।নোটিসের জবাব না পেয়ে ৩০ এপ্রিল হাই কোর্টে রিট আবেদন করেন এই আইনজীবী। 

সে বিষয়ে শুনানি নিয়ে গত ৪ মে দক্ষিণ সিটি করপোরেশনের আফতাবনগর অংশে পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। 

এছাড়া গত ২৮ এপ্রিল রাজধানীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। ওই বিজ্ঞপ্তিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।