২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

৪০০ কোটি টাকা আত্মসাৎ: জামালপুরের ‘আল আকাবা’ সমিতির বিরুদ্ধে সিআইডির মামলা

প্রতি লাখে মাসে ১২০০ থেকে ১৫০০ টাকার মুনাফার কথা বলে অর্থ সংগ্রহ করে শুরুতে গ্রাহককে সীমিত পরিসরে লাভ দিলেও, পরবর্তীতে তা বন্ধ করে দিয়ে সমিতির মালিক ও কর্মকর্তা-কর্মচারীরা অফিস তালাবদ্ধ করে গা ঢাকা দেয়।"

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 04:47 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

‘প্রতারণার মাধ্যমে’ প্রায় ৪০০ কোটি টাকা  হাতিয়ে নেওয়া ও অর্থ পাচারের অভিযোগে বহুমুখী সমবায় সমিতি আল আকাবার পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসামির নাম না জানিয়ে সিআইডি বলছে জামালপুরের মাদারগঞ্জ থানায় আল আকাবা সমবায় সমিতির পরিচালক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গত ১৪ অগাস্টে মানিলন্ডারিং আইনে মামলা করা হয়েছে। 

সিআইডি বিজ্ঞপ্তিতে বলছে, “ব্যাংকের চেয়ে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রায় ১৩ থেকে ১৪ হাজার গ্রাহকের কাছ থেকে তারা টাকা নিয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের কাছ থেকে প্রতারণামূলকভাবে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ করে মানিলন্ডারিংয়ের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।"

সিআইডি বলছে, এই সমিতি সংশ্লিষ্টরা জামালপুর জেলার বিভিন্ন থানা এবং পাশের জেলার বিভিন্ন এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কাছে স্বল্প সময়ে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত।

প্রতি লাখে মাসে ১২০০ থেকে ১৫০০ টাকার মুনাফার কথা বলে অর্থ সংগ্রহ করে শুরুতে গ্রাহককে সীমিত পরিসরে লাভ দিলেও পরবর্তীতে তা বন্ধ করে দিয়ে সমিতির মালিক ও কর্মকর্তা-কর্মচারীরা অফিস তালাবদ্ধ করে গা ঢাকা দেয়।"

অনুসন্ধান করতে গিয়ে সিআইডি জানতে পারে, এসব গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রায় সমিতির পরিচালকরা তাদের নিজ নিজ নামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে ৩ হাজার ১১৩ শতাংশ সম্পত্তি কিনেছে।

"এসব সম্পত্তির মধ্যে জামালপুর জেলার সদর থানাধীন গহেরপাড়া মৌজায় প্রায় ১৫ একর জমির উপর আলফা অটো ব্রিকস নামে একটি ইট ভাটা, গাজীপুর দক্ষিণ সালনা মৌজায় প্রায় ৩৫০ শতাংশ জমির উপর আলফা ড্রেসওয়ার নামে একটি গার্মেন্টস কারখানা রয়েছে।"

তাছাড়া আলফা ডেভলোপার, আলফা ড্রেসওয়ারের নামে বসুন্ধরা আবাসিক প্রকল্পে ৯টি প্লট রয়েছে। বাকি সম্পত্তিগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও জামালপুর জেলার  রয়েছে বলা হয় বিজ্ঞপ্তিতে। 

সিআইডি বলছে, মানিলন্ডারিংয়ে অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জামালপুর দায়রা জজ আদালত এসব সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছে এছাড়াও সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশযাত্রাও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।