Published : 23 Jul 2026, 11:08 PM
রাজধানীর ফার্মগেট এলাকায় চার বছর আগে কপালে টিপ পরা নিয়ে এক শিক্ষিকাকে ‘হেনস্থার’ অভিযোগে চাকরি হারানো পুলিশ কনস্টেবল নাজমুল তারেক চাকরি ফিরে পেয়েছেন।
বৃহস্পতিবার প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ে তিনি চাকরি ফিরে পান বলে তথ্য দিয়েছেন সরকার পক্ষের আইনজীবী জসিম উদ্দিন।
তিনি বলেন, “কনস্টেবল নাজমুল তারেক চাকরি ফিরে পেলেও তিনি মধ্যবর্তী সময়ের কোনো বেতন ভাতা পাবেন না। শুধু চাকরি ফিরে পেয়েছেন তিনি।”
ফার্মগেটে ২০২২ সালে ২ এপ্রিল ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত হন কনস্টেবল নাজমুল। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনায় আসে। ঢাকা মহনগর পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন নাজমুল।
ঘটনার সময় কনস্টেবল নাজমুল তারেক উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের পায়ে বাইক লাগে। এ নিয়ে তাদের মধ্যে তর্কের সৃষ্টি হয়।
ওই সময় লতা সমাদ্দার অভিযোগ করেছিলেন, পুলিশের পোশাক পরা এক ব্যক্তি ‘টিপ পরছস ক্যান’ বলে তাকে কটূক্তি করেন।
এ ঘটনা নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হলে প্রথমে নাজমুলকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে বিভাগীয় তদন্ত শেষে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
তবে নাজমুল তারেকের দাবি, পুরো ঘটনাটি ষড়যন্ত্র এবং তিনি টিপ নিয়ে কোনো কথা বলেননি। এরপরেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে আপিল করেন।
সরকার পক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, “রায়ের বিষয়টি পুলিশ সদরদপ্তরকে অবহিত করে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করবে কি না জানতে চাওয়া হবে।”