১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুরের ‘কারুপণ্য’ ও মানিকগঞ্জের ‘দরগাহ’ পেল রিবা পুরস্কার

বিশ্বের আরও ২০ স্থাপনা পেয়েছে এ পুরস্কার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 02:36 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

নান্দনিক নির্মাণশৈলী ও পরিবেশবান্ধব কাঠামোর জন্য বিশ্বের মর্যদাপূর্ণ ‘রিবা পুরস্কার’ পাচ্ছে রংপুরের পরিবেশবান্ধব কারখানা ‘কারুপণ্য’ এবং মানিকগঞ্জের ‘শাহ মুহাম্মদ মহসিন খান দরগাহ’।

যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস-রিবা স্থাপত্যের এ পুরস্কার দিয়ে থাকে। বাংলাদেশের দুটিসহ এবার ১৪টি দেশের ২২টি স্থাপনাকে ‘রিবা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স’ এর জন্য নির্বাচন করা হয়েছে।

রিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল স্থাপনাকে উদযাপন করছে ‘দ্য রিবা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স’। বিজয়ী স্থাপত্যগুলো বর্তমানের সাংস্কৃতিক ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বয়ে নিতে ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস। 

বাংলাদেশের যে দুই স্থাপনা রিবা পুরস্কার পাচ্ছে, তার মধ্যে কারুপণ্যের নকশা করেছে ‘নকশাবিদ আর্কিটেক্টস’ নামে একটি প্রতিষ্ঠান। আর শাহ মুহাম্মদ মহসিন খান দরগাহর নকশা করেছে স্থাপত্যের আরেক প্রতিষ্ঠান ‘স্থাপতিক’।

রিবা বলছে, কারুপণ্যের শতরঞ্জির কারখানা কেবলই একটি কর্মক্ষেত্র নয়; কর্মীদের সুস্থতা ও কল্যাণের জন্য প্রাকৃতিক পরিবেশের সব মানদণ্ড নিশ্চিত করে বানানো একটি স্থাপনা।

দূর থেকে দেখতে কারখানাটিকে সবুজ বাগানের মত দেখায়। সাততলা ভবনের কারখানাটি নানা প্রজাতির গাছে ছাওয়া, দেয়াল ছেয়ে আছে নানা জাতের লতাপাতা।

কারুপণ্যের কারখানা ভবন শীতল রাখতে বিশেষ স্থাপত্য কৌশল প্রয়োগ করায় সহজেই বাতাস চলাচল করতে পারে, সে সঙ্গে চারটি জলাধার থাকায় সাশ্রয় হচ্ছে বিদ্যুৎ।

পুরস্কৃত আরেক স্থাপনা মানিকগঞ্জের শিববাড়ির শাহ মুহাম্মদ মহসিন খান দরগাহ নিয়ে রিবা বলেছে, এটি নির্মাণের উদ্যোক্তা তার ছেলে, যিনি নিজেও একজন প্রকৌশলী। পীর বাবার করব ঘিরে দরগাহ নির্মাণ করে বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং সেখান থেকে ইসলামি জ্ঞান ছড়িয়ে দিতে এটি নির্মাণ করেছেন তিনি।

স্থাপতিক বলছে, সুলতানি আমলের গম্বুজের ছোঁয়া রাখা হয়েছে দরগাহর নির্মাণশৈলীতে। তিনটি কবরকে কেন্দ্র করে উঠে দাঁড়ানো স্থাপনাটির ছাদে ৩৬টি বৃত্তাকার ফাঁকা আছে। এগুলোর মধ্যে সিলিন্ডারের মত করে বানানো ১৬টি বড় ছিদ্র রাখা হয়েছে, দেখলে মনে হয় সেগুলো ঝুলছে।

দরগাহর মধ্যে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের জন্য ছিদ্রগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। 

২০১৫ সাল থেকে বিশ্বের অনন্য সব স্থাপনা বাছাই করে দেওয়া হয় রিবা ইন্টারন্যাশনাল পুরস্কার। সেজন্য বিভিন্ন দেশের স্বীকৃত স্থাপত্যবিদদের দূত হিসেবে নিয়োগ দেয় রিবা। তাদের দেওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিচারকমণ্ডলী বাছাই করেন সেরা স্থাপত্য।

এবার বিচারকমণ্ডলীর প্রধান ছিলেন যুক্তরাজ্যের প্রখ্যাত স্থাপত্য লেখক ও স্থাপত্যবিদ সাইমন হেনলি।