১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এমডিএফের ‘অর্থ আত্মসাৎ’: ১২ জনের জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছে আদালত।

এমডিএফের ‘অর্থ আত্মসাৎ’: ১২ জনের জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 03:30 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলায় আত্মসমর্পণ করে জামিন পাওয়া ১২ আসামির জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ।

জামিন বাতিল চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালতে সোমবার আবেদন করা হয়। এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করা হয়েছে।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, গত ২৭ অক্টোবর বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলায় ১২ জনকে ঢাকার সিএমএম আদালত থেকে জামিন দেয়। 

“তাদের জামিন বাতিলের জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেছি। এ বিষয়ে শুনানির দিন আগামী ১৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।”

জামিন পাওয়া আসামিরা হলেন- আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মঈনুল হক, (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মো. মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন ও সিসিও মুসফিক মনজুর। 

বিটিআরসির পক্ষে সংস্থাটি সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গত ১৮ সেপ্টেম্বর রাতে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ও চুক্তির শর্ত এবং বিশ্বাস ভঙ্গ করাসহ অর্থ আত্মসাৎ করেন। নেটওয়ার্ক উন্নয়নে আদায়কৃত মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের টাকা আত্মসাতে জড়িত ছিলেন আইওএফ কার্যনির্বাহী কমিটির এসব সদস্য। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক কল পরিচালনায় নিয়োজিত আন্তর্জাতিক গেটওয়ে খাত কুক্ষিগত করেন সালমান। তার প্রত্যক্ষ নেতৃত্বে গড়ে ওঠে আইওএফ নামের এ সিন্ডিকেট। 

অভিযোগে আরও বলা হয়, সালমান এফ রহমানের নির্দেশনায় প্রতি মাসে আইজিডব্লিউ অপারেটরদের বিপুল অর্থ জমা দিতে হতো তার মালিকানাধীন বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডে। অথচ প্রতিষ্ঠানটির নামে আইজিডব্লিউ পরিচালনার কোনো লাইসেন্স নেই। মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের নামে অর্থ সংগ্রহ করা হলেও এর প্রকৃত ব্যবহার সম্পর্কে অবগত নন খোদ আইজিডব্লিউ অপারেটররাই।