এইচএসসির ফল ১৬ অক্টোবর?
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের রেওয়াজ রয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করতে একমত হয়েছেন শিক্ষা বোর্ড প্রধানরা।
বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ ঐকমত্য হয় বলে জানিয়েছেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নুরুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব বোর্ডই ফল প্রকাশের কাজ গুছিয়ে এনেছে; যেহেতু পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের নিয়ম। সার্বিক বিবেচনায় আমরা আগামী বৃহস্পতিবার ফল প্রকাশের বিষয়ে একমত হয়েছি।
“এখন ১৬ অক্টোবর ফল প্রকাশের প্রস্তাব করা হবে। সরকারের পক্ষ থেকে অনুমোদন পেলে ওই দিনই ফল প্রকাশ করা হবে।”
ফল প্রকাশের জন্য প্রস্তাবে বিকল্প কোনো দিনের কথা থাকবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “শুধু ১৬ অক্টোবরই প্রস্তাবনায় উল্লেখ করা হবে।”
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ শিক্ষা মন্ত্রণালয় পাঠাবে। সরকারের অনুমোদন পেলে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।”
যোগাযোগ করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাবলিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। সে হিসাবে শিক্ষা উপদেষ্টা মহোদয় পর্যন্ত প্রস্তাব যাবে।
“যদি ফল প্রকাশের আনুষ্ঠানিকতায় সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা অন্তর্ভুক্ত থাকতে চান, সে ক্ষেত্রে তার দপ্তরের সম্মতি নিয়ে তারিখ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।”
গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিকতায় ছিলেন না প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
গত ২৬ জুন থেকে শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় ১৯ অগাস্ট। এ পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের রেওয়াজ রয়েছে।
