Published : 14 Jul 2025, 05:23 PM
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৮ হল।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩৯ জন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২১০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বলছে, মারা যাওয়া ব্যক্তিদের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন চট্টগ্রাম বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুন মাসে সবচেয়ে বেশি, ৫৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৪ জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯১৪ জন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ১৯ জন মারা গেছেন জুন মাসে। ১৪ জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ৮৬ জন।
এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭১ জন, ঢাকা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে দুই জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন এবং রংপুর বিভাগে এক জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৮৩ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৬৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮১৬ জন।
দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।