Published : 03 Jun 2026, 09:12 PM
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ প্রকল্প শিগগিরই সংশ্লিষ্ট সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করবে পানি সম্পদ মন্ত্রণালয়।
বুধবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে ডিএনডি বাঁধ সংক্রান্ত সভা শেষে পানিসস্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি বলেন, “ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ প্রকল্পে দীর্ঘদিনের জলাবদ্ধতা ছিল। এখনো জলাবদ্ধতা অনেকাংশে আছে। এর মধ্যে একটা প্রজেক্ট ২০১৬ সালে শুরু হয়েছিল এবং শেষ হয়েছে ২০২৪ সালে। এখনো আমরা এর কোনো উপকারিতা খুব একটা পাচ্ছি না। যার কারণে জলাবদ্ধতা লেগেই আছে।
“এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মিটিং আহ্বান করেছেন। সেখানে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জে ডিসি, বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। সবাই আমরা মিটিং করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ প্রকল্পটি আমরা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করব।”
সবার সম্মিলিত প্রচেষ্টায় ডিএনডি বাঁধ এলাকায় জলাবদ্ধতা দূর করে কীভাবে বর্জ্যমুক্ত রাখা যায়, সেটি সিটি করপোরেশনগুলো তদারকি করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এ্যানি বলেন, “ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার আরও উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এলাকাজুড়ে ৩০ কিলোমিটার নতুন ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে।”
পানিসম্পদ মন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, স্থানীয় সরকার সচিব শহিদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।