শাহজালালের বহির্গমন টার্মিনালে ধোঁয়া নিয়ে আতঙ্ক
“টার্মিনালের সামনে ময়লায় আগুন ধরে। ফায়ার সার্ভিসের লোকজন গেলেও তাদের কাজ করতে হয়নি,” বলছে ফায়ার সার্ভিস।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে হঠাৎ নির্গত ধোঁয়া আতঙ্ক ছড়িয়েছে।
বিমানবন্দরের কার্গো ভিলেজে বড় ধরনের অগ্নিকাণ্ডের এক মাসের মাথায় এ ঘটনা ঘটল।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সোমবার বিকাল সোয়া ৩টার দিকে তারা এক নম্বর বহির্গমন টার্মিনালের সামনে আগুন লাগার খবর পান।
“টার্মিনালের সামনে ময়লায় আগুন ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়। কিন্তু তাদেরকে কাজ করতে হয়নি।”
সংশ্লিষ্টদের ধারণা, কেউ সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই দেয়ালের মাঝখানে ফেললে ময়লার মধ্যে আগুন ধরে যায়।
এ থেকে ধোঁয়ার কারণে বিমানবন্দরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু স্বল্প সময়ের মধ্যেই সিভিল অ্যাভিয়শের নিজস্ব ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৯টার দিকে। পুরোপুরি নেভানো সম্ভব হয় ২৭ ঘণ্টা পর।
ওই অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে ধারণা দেয় এক্সপোর্টার্স অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ-ইএবি।
এমন ঘটনার একমাসেও কার্গো বিমানবন্দরের কার্গো ভিলেজের কার্যক্রম স্বাভাবিক হয়নি। এরমধ্যে বিমানবন্দরের টার্মিনালের সামনে ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে ফের আতঙ্ক ছড়াল।
