১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিভ টু আপিল খারিজ, ইউনূসের মানহানির মামলা বাতিলের রায় বহাল

গত ২৪ অক্টোবর মামলাটির কার্যক্রম বাতিল রায় দিয়েছিল হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 04:44 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা বহাল রেখে আপিল বিভাগ।

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে এ রোববার এ আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ ।

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে ছিলেন। অধ্যাপক ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) তৌফিক হোসেন। 

মানহানির অভিযোগে ২০১০ সালে গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ইউনূসের নামে ময়মনসিংহের আদালতে মামলাটি করা হয়। মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে তিনি হাই কোর্টে আবেদন করেন। এরপর গত বছরের ২৪ অক্টোবর মামলাটির কার্যক্রম বাতিল রায় দিয়েছিল হাই কোর্ট।

হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যা ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদনটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২৭ জুলাই দিন ঠিক করে দেয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ১৭ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরে বার্তা সংস্থা এএফপি'র সঙ্গে সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস বলেছিলেন-বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন। এখানে কোনো আদর্শের ব্যাপার নেই। পরদিন তার এ বক্তব্য দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

ওই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেছিলেন জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু।

আরও পড়ুন:

ময়মনসিংহ আদালতে ইউনূসের হাজিরা মঙ্গলবার