Published : 09 Dec 2025, 11:16 PM
শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি বাস ভাঙচুরের শিকার হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পথে নিজেদের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে ঢাকা কলেজ প্রশাসন।
মঙ্গলবার ঢাকা কলেজের ওয়েবসাইটে এ ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
‘একটি অপ্রীতিকর ঘটনায় কলেজের দুটি বাস ভাঙচুর করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তুলে ধরা হয়েছে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজের সব রুটে বিআরটিসি দ্বিতল বাসসহ অন্যান্য বাস চলাচল বন্ধ থাকবে।”
কোনো ধরনের ঝামেলা বা বিবাদে না জড়াতে ‘অঙ্গীকার করার’ ঠিক এক মাসের মাথায় মঙ্গলবার আবারো সংঘর্ষে জড়ায় রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
এসময় ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের দুটি বাস ভাঙচুরের শিকার হয়েছে বলে শিক্ষার্থীরা বলেছেন।
গেল ৯ নভেম্বর নিউ মার্কেট থানার উদ্যোগে ঝামেলা বা বিবাদে না জড়ানোর ‘অঙ্গীকার করে’ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক ‘শান্তি চুক্তি’ হয়।
রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। কখনও কখনও তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।
শিক্ষার্থীদের এই সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যেমন বিপাকে পড়তে হয়, তেমনি, ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় চলাচলকারীদেরও।