Published : 14 Mar 2026, 08:57 PM
চলতি বছরের অমর একুশে বইমেলায় গত বছরের তুলনায় বিক্রি ৮০ শতাংশ কমেছে বলে দাবি করেছে প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’।
শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি বলেছে, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে ২০২৫ সালের বইমেলায় বিক্রি কমেছিল ২০২৪ সালের তুলনায় প্রায় ৬০ শতাংশ। কিন্তু এবারের বইমেলার পরিস্থিতি ২০২১ সালের কোভিডকালীন মেলার চেয়েও ‘শোচনীয়’।
সংবাদ সম্মেলনে বলা হয়, অংশগ্রহণকারী ‘প্রায় ৯০ শতাংশ’ প্রকাশকের স্টল নির্মাণের ‘প্রাথমিক খরচটুকুও ওঠেনি’, যার মধ্যে ‘প্রায় ৩০ শতাংশ’ প্রকাশকের ‘৫ হাজার টাকার বইও বিক্রি হয়নি’।
সংবাদ সম্মেলনে বইমেলার পরিস্থিতি লিখিত বক্তব্য তুলে ধরেন ইউপিএলের মাহরুখ মহিউদ্দিন, অ্যাডর্ন পাবলিকেশন্সের জাকির হোসেন ও আদর্শ প্রকাশনীর মাহাবুবুর রাহমান।
লিখিত বক্তব্যে বলা হয়, “প্রতি বছর বইমেলায় ৩০-৪০ কোটি টাকার বই বিক্রির যে ‘মুখরোচক তথ্য’ প্রচার করা হয়, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। প্রকৃত বিক্রি তার চেয়ে অনেক কম। কিন্তু আমরা স্বপ্ন দেখি ১০০ কোটি টাকার বইমেলার।
“১৮ কোটি মানুষের এই দেশে ৫০ লাখ থেকে ১ কোটি বই বিক্রি করার স্বপ্ন কোনো অবান্তর কল্পনা নয়। সুষ্ঠু ব্যবস্থাপনা, সমন্বিত উদ্যোগ এবং ৫০ লাখ থেকে ১ কোটি টাকার একটি সুনির্দিষ্ট মার্কেটিং বাজেট থাকলে আগামী ৩-৫ বছরের মধ্যেই এই লক্ষ্য অর্জন করা সম্ভব।”
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, “আমরা ঐতিহ্যের দায়বদ্ধতা থেকে মেলায় অংশ নিয়েছি। কিন্তু মেলায় যদি বই বিক্রিই না থাকে এবং প্রকাশকরা সর্বস্বান্ত হতে থাকেন, তবে একসময় এটি একটি ‘মৃত ঐতিহ্যে’ পরিণত হবে, যা কারো কাম্য নয়। এবারের মেলা আমাদের জন্য একটি বড় শিক্ষার জায়গা।”