পোস্টাল ভোটিং: বৃহস্পতিবার নিবন্ধন শুরু ভোট কর্মীদের, রোববার কারাগারে
কারাগারে ২৪ ডিসেম্বর ও ভোটগ্রহণ কর্মকর্তাদের ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন বৃহস্পতিবার থেকে শুরু হবে।
আর রোববার থেকে নিবন্ধন করতে পারবেন আইনি হেফাজতে থাকা ভোটাররা।
বুধবার তথ্য অধিদপ্তরের বিজ্ঞপিতে বলা হয়, কারাগারে ২৪ ডিসেম্বর ও ভোট গ্রহণ কর্মকর্তাদের ২৫ ডিসেম্বর পর্যন্ত এ নিবন্ধন চলবে।
১১ ডিসেম্বর সিইসি সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করেন; এরপরই সরকারি চাকরিজীবীদের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন শুরু হয়।
এবার ভোট গ্রহণ কর্মকর্তা ও কারাগারে থাকা ভোটারদের নিবন্ধন শুরু হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে নিবন্ধন করুন।
“নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করুন।”
পোস্টাল ব্যালট পেতে অ্যাপে নিবন্ধনের সময় ভোটারদের সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিতে হবে।
সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার ভোটারের কাছে পাঠানো সম্ভব হবে না বলে ইসির নির্দেশনায় বলা হয়েছে।
