১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধান বিচারপতির বাসভবনসহ আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য অনুরোধ করেছে ডিএমপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 06:15 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

প্রধান ‍উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পাঁচদিনের মাথায় আরেকটি গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

মঙ্গলবার এই বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ নির্ধারিত কিছু এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাননীয় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেইট, মাজার গেইট, জামে মসজিদ গেইট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেইট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।”

এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

তার আগে গেল ৪ ডিসেম্বর বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, মিন্টু রোড ক্রসিং, এর মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি।

ওই গণবিজ্ঞপ্তিতে বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স ছিল না।

বিভিন্ন সংগঠনের আন্দোলনের কারণে পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

এর আগে গত ১৩ মার্চ, ১০ মে, ৯ জুন, ৮ জুলাই ও ৪ সেপ্টেম্বর, ১১ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে’ পুলিশ কমিশনার লিখিত আদেশ দিয়ে যেকোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখার সুযোগ নেই।