১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যুত্থানের বর্ষপূর্তি: বেলা বাড়ার সঙ্গে ভিড় বাড়ছে মানিক মিয়ায়

"শেখ হাসিনা পালানোর পর ফিল করছি, আগে সে একা স্বৈরাচার ছিল। এখন আরও অনেকে স্বৈরাচার হয়ে উঠছেন,” বলেন অনুষ্ঠান দেখতে আসা আক্তারুজ্জামান সম্রাট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 04:15 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়ছে।

মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টি মাথায় বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে মানুষজন অনুষ্ঠানস্থলে যোগ দিতে থাকেন। একা কিংবা পরিবার নিয়েও আসছেন অনেকে।

চিটাগং রোড এলাকা থেকে পরিবারসহ অনুষ্ঠানে এসেছেন গার্মেন্টকর্মী আলমগীর হোসেন। তার সঙ্গে রয়েছে দুই শিশু সন্তান, স্ত্রী ও শাশুড়ি।

কেন আসছেন জানতে চাইলেই তার জবাব, "স্বাধীন বাংলাদেশ এজন্য আইছি, আজ আনন্দের দিন।"

কেন আনন্দের দিন জানতে চাইলে তিনি বলেন, "আজকের দিনে শেখ হাসিনা পালাইছিল, মুক্তি হইছিল।"

মানিকগঞ্জ থেকে আসা স্বর্ণা আক্তার মাথায় পতাকা বেধে ও হাতে পতাকা নিয়ে অনুষ্ঠানস্থলে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি বলছিলেন, সকাল বেলায় তিনি এখানে এসেছেন।

তার ভাষ্য, "আজ আনন্দ আর উল্লাসের দিন। আজকের দিনে চোর পলাইছে; স্বৈরাচার পলাইছে। হাজারো মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পাইছি।"

চট্টগ্রামের বদ্দারহাট এলাকা থেকে আসা হাবীব মঞ্জুর বলছিলেন, অন্য কাজে ঢাকায় এসেছেন। কিন্তু এই 'আনন্দ উদযাপন মিস করতে চাননি' বলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসেছেন।

এক বছর পরে এসেওে বৈষম্য দূর হওয়ার আকাঙ্খা 'পূরণ না হওয়ার' আক্ষেপ শোনা গেল অনুষ্ঠানে আসা ঢাকারই বাসিন্দা আক্তারুজ্জামান সম্রাটের কণ্ঠে।

বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই 'সক্রিয়ভাবে' সম্পৃক্ত থাকার দাবি জানিয়ে তিনি বলেন, "শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ফিল করছি, আগে সে একা স্বৈরাচার ছিল। এখন আরও অনেকে স্বৈরাচার হয়ে উঠছেন। আন্দোলনে শহীদদের পরিবার প্রাপ্য মর্যাদা পাচ্ছে না, আহতরা চিকিৎসা পাচ্ছে না।”

আমাদের বৈষম্যবিরোধীর আকাঙ্খা এখনও পূরণ না হলেও 'সম্ভাবনা রয়েছে' বলে মনে করেন তিনি।

তিনি বলেন, "আন্দোলনের সময় আমরা দেখেছি, যারা রিকশা ভাড়া দিতে পারে নাই, তারা কেউ কেউ এখন চার চাকার গাড়িতে চড়ে বেড়ায়। কোনো জায়গাতেই পরিপূর্ণ সংস্কার পাই নাই।

"বৈষম্য দূর করতেই শেখ হাসিনার পতন করেছিলাম আমরা। কিন্তু এখন দেখি সমন্বয়করা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন। চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করার জন্যই তো আন্দোলন করলাম। এখন আমরাই যদি দুর্নীতি করি, তাহলে কীভাবে হবে?"

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনভর নানা আয়োজন করা হয়েছে।

বেলা ১২টা ১০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনা দিয়ে শুরু হয়েছে জুলাই ৩৬ উদযাপনের অনুষ্ঠান। সেখানে পর্যায়ক্রমে ব্যান্ডদল আর্টসেল, ওয়ারফেইজ ও শূন্য’র গান পরিবেশন করার কথা রয়েছে। এছাড়া জুলাই ঘোষণাপত্র পাঠ, স্পেশাল ড্রোন ড্রামাও আছে আয়োজনের তালিকায়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের টানা দেড় দশকের শাসনের ইতি ঘটে। দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। সেই দিন উদযাপনে দেশে সরকারি ছুটি পালিত হচ্ছে।