Published : 27 Aug 2024, 01:57 PM
সরকার পতনের পর পুলিশ বাহিনীতে বড় রদবদলের ধারাবাহিকতায় পুলিশ সুপার (এসপি) মর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
তাদের মধ্যে ২৪ এসপিকে জেলা পুলিশের নেতৃত্ব থেকে সরিয়ে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
আর বিভিন্ন দায়িত্বে থাকা ২৪ কর্মকর্তাকে পুলিশ সুপার করে পাঠানো হয়েছে বিভিন্ন জেলায়, যাদের ১৩ জনই সম্প্রতি পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত দুই প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সরকার পতনের পর পুলিশের প্রায় সব পর্যায়ে রদবদল অব্যাহত রয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের মতো প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের।
প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার আমলে নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলে আনা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে।
পরদিন ৭ অগাস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের বিশেষ এ ইউনিটের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে।
ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।
শনিবার ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। একই দিন ডিএমপির উপকমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
গত ১৩ আগস্ট একযোগে ঢাকার ১৮ জন ওসিকে বদলি করে খাগড়াছড়িসহ বিভিন্ন জেলায় প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্ব দিয়ে বদলি করা হয়।
বদলির তালিকা