১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদাবাজিকাণ্ডে আলোচিত সেই রিয়াদ হত্যাচেষ্টা মামলায় পেলেন জামিন

এর আগে ১২ মার্চ তার তিন সহযোগী জামিন পায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 03:48 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

চাঁদাবাজিকাণ্ডে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছে আদালত।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি নিয়ে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানান, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করে ২৬ ফেব্রুয়ারি গুলশান থানায় হত্যাচেষ্টার মামলা করেন। এতে অজ্ঞাতনামা ১০/২২ জনকে আসামি করা হয়। 

ওইদিনই রিয়াদের সঙ্গে একই প্রতিষ্ঠানের মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারকে কারাগারে পাঠানো হয়। পরে পুলিশ আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ মার্চ দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। অপর তিন আসামির রিমান্ড ও জামিন আবেদন নাকচ হয়।

রিমান্ড শেষে ১৩ মার্চ রিয়াদকে কারাগারে পাঠানো হয়।

সোমবার তার পক্ষে আইনজীবী এস এম জাকির হোসেন জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে ৫০০ টাকা মুচলেকায় আগামী ১২ এপ্রিল পর্যন্ত তাকে জামিন দেয় আদালত।

এর আগে ১২ মার্চ রিয়াদের তিন সহযোগী রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারও জামিন পায়।

মামলার বিবরণে বলা হয়েছে, আসামিদের সঙ্গে নির্জন ও তার বন্ধুদের পূর্ব শত্রুতা ছিল। গত ২৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টার দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চতুর্থ তলায় ৪১২ নম্বর কক্ষে সাক্ষাৎ হলে আসামিরা তাকে (নির্জন) সমাবর্তনে অংশগ্রহণে জন্য বলেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করার সময়ে রাজ্জাকের নির্দেশে আসামি রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি পিঠে ও বুকে আঘাত পান।

মামলার এজাহারে বলা হয়, রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনকে হত্যার উদ্দেশ্যে মুখমণ্ডলে আঘাত করে। এতে তার নাকে লেগে উপরিভাগ কেটে গুরুতর জখম হয়। এসময় তাকে এলোপাথারি মারধর করা হয়। তখন তার বন্ধুবান্ধব ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষকরা এগিয়ে এলে আসামিরা নির্জনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে নিয়ে যায়।

এর আগে গত বছরের ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির মামলা গ্রেপ্তার হয়েছিলেন রাজ্জাক। ওই মামলায় জামিনে কারামুক্ত হয়ে তিনি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন।