গ্যাসের চাপ কমতে পারে কয়েক ঘণ্টা
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউতে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েক ঘণ্টা দেশে গ্যাস সরবরাহ কম থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
বুধবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মহেশখালীস্থ ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট এফএসআরইউ থেকে এক্সিলারেট এনার্জি পরিচালিত আরএলএনজি সরবরাহ কম থাকবে।
এফএসআরইউ হল সমুদ্রে স্থাপিত ভাসমান টার্মিনাল, যেখানে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
সরবরাহ কমে যাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
