Published : 13 Jul 2026, 06:18 PM
দেশের বিভিন্ন এলাকায় বন্যায় সাপের উপদ্রব বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, এ পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল পর্যায়ে ২১ হাজার অ্যান্টিভেনম মজুদ রয়েছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে অ্যান্টিভেনম মজুদ রয়েছে এক হাজার। মাঠপর্যায়ে কলেরার স্যালাইন রয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৮৭৯টি।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মাঠপর্যায়ে খাবার স্যালাইন রয়েছে ৭৫ লাখ ৮৫ হাজার ২৯৯ প্যাকেট। পানি বিশুকরণ ট্যাবলেট রয়েছে ৩৬ লাখ ১৯ হাজার ৫৭২টি। সাধারণ স্যালাইন সিএমএমসিতে মজুদ রয়েছে ৯৯ হাজার ৯৯৫ ব্যাগ। ক্ষতিগ্রস্ত প্রতিটি উপজেলা ও জেলায় প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। এছাড়া মনোনীত ফোকাল পারসনরা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে ২৪ ঘণ্টা সমন্বয় রক্ষা করছেন।
বন্যা মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় বন্যা দেখা দেওয়ার পরপরই তাৎক্ষণিক ত্রাণ পাঠানো হয়েছে। সেই সঙ্গে প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরাসরি আর্থিক অনুদান দেওয়া হবে।
স্বাস্থ্যখাতের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গুসহ বিভিন্ন মৌসুমি রোগের তথ্যপ্রবাহ নিয়ে তিনি বলেন, জাতীয় স্বাস্থ্য বাতায়নের আওতায় ১৬২৬৩ হেল্পলাইন ২৪ ঘণ্টা চালু রয়েছে, যেখানে সার্বক্ষণিক চিকিৎসক সেবা দেওয়া হচ্ছে। আগে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের তথ্য জেলা পর্যায় থেকে বিচ্ছিন্নভাবে এলেও এখন কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক জাহিদ রায়হান।