‘গ্লোবাল ফ্রড সামিটে’ অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম কোনো সরকারি সফরে বিদেশে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ।
জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি ও ইন্টারপোলের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী ‘গ্লোবাল ফ্রড সামিটে’ অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোম ও মঙ্গলবার অনুষ্ঠেয় এ সম্মেলন সামনে রেখে রোববার বিকালে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম কোনো সরকারি সফরে বিদেশে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ সম্মেলনে মন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠক ও বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন মন্ত্রী।
তাছাড়া সম্মেলনের ফাঁকে ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যাসসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
সম্মেলন শেষে আগামী ২০ মার্চ ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সালাহউদ্দিন আহমদের।
