Published : 11 Sep 2026, 12:38 PM
নোংরা পরিবেশে রান্নাবান্না এবং প্রয়োজনীয় একাধিক সনদ দেখাতে ব্যর্থ হওয়ার অভিযোগে ঢাকার ধানমন্ডির জিং লিং রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সংস্থাটির নির্বাহী হাকিম অনুপম দাস অনুপ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ধানমন্ডি ৩২ এলাকার ওই রেস্তোরাঁতে অভিযানের সময় নির্বাহী হাকিম দেখতে পান, রেস্তোরাঁর রান্নাঘর অত্যন্ত নোংরা এবং ডাস্টবিন খোলা। রান্নাঘরের মেঝে স্যাঁতস্যাঁতে এবং টাইলস ফাটা।
একইসঙ্গে রান্নাঘরের বেসিনে নোংরা পানি জমাট বাধা অবস্থায়, রেফ্রিজারেটরে যথাযথ লেবেলহীন অবস্থায় মেরিনেটেড চিকেন, ভাজা মাছ-মাংস, দই, বোরহানি এবং বিভিন্ন ধরনের মশলা সংরক্ষণ করতে দেখেন নির্বাহী হাকিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেস্তোরাঁ নিবন্ধন সনদ, হালনাগাদ করা ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ, পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোল প্রমাণক দেখাতে ব্যর্থ হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। পরে অপরাধের ‘স্বীকারোক্তির’ ভিত্তিতে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক আসলাম ভূইয়া উপস্থিত ছিলেন।