Published : 24 Feb 2026, 03:28 PM
ভূমি সেবা নিয়ে মানুষের মনে যে সন্দেহ ও অবিশ্বাস আছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার সকালে ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টার (১৬১২২) এর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “কলসেন্টারের ব্যাপক প্রচার দরকার, যাতে প্রান্তিক মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে, যাতে প্রতিদিন কমপক্ষে ২০০০ মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ আছে।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “সেবা খাতে ঘুষ দুর্নীতি বন্ধ করতে চাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।”
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালও এ সময় উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “ঘুষ দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স থাকবে। ভূমি মন্ত্রণালয়ের আগের দায়িত্বপ্রাপ্তরা ঘুষ দুর্নীতিতে দেশে বিদেশে কুখ্যাত ছিলেন। আমাদের পূর্ব পুরুষরা কৃষক ছিলেন, তাদের প্রতিচ্ছবি সামনে রেখে আমরা কাজ করব।”
ভূমি খাতের অভিযোগ, আপত্তি, আপিল নিষ্পত্তিতে কীভাবে সময় কমানো যায়, তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী। প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তির মত ভূমির মামলাগুলো দ্রুত সমাধানের তাগিদ দেন।
আপত্তি ও আপিল নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করার ওপরও জোর দেন কায়সার কামাল।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের এর কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবার আধুনিকায়নে বিভিন্ন নির্দেশনা দেন।
পরে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদের সভাপতিত্বে প্রকল্প পরিচালকদের অংশগ্রহণে ১৬৩তম পিডি সভা হয়।
সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করা তাগিদ দেন এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র, ভূমি অ্যাপ আরও জনবান্ধব করার নির্দেশনা দেন।