১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাশিয়ায় আগুনে ৪ বাংলাদেশি নিহত: ২ জনের মরদেহ দেশে পৌঁছেছে

“মরদেহ পৌঁছানোর পর তাদের স্বজনরা গ্রহণ করে নিয়ে গেছেন,” বলেন বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা শহিদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 07:30 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস কেমিকেল কারখানায় আগুনে নিহত চার বাংলাদেশির মধ্যে দুই জনের মরদেহ দেশে পৌঁছেছে।

এই দুজন হলেন কিশোরগঞ্জের ভৈরবের জাকির হোসেন ও মেহেরেপুরের গাংনির মো. আলাল হোসেন রাজু।

গেল মঙ্গলবার রাশিয়ার মস্কো থেকে তাদের মরদেহ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিকে-০৭১২) বাংলাদেশে পাঠানো হয় বলে এক বার্তায় জানিয়েছিলেন মস্কোতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান।

বুধবার ভোর ৫টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গেল ২৫ অগাস্ট আমুর অঞ্চলে সভোবোদনি শহরের কাছে অবস্থিত আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের (এজিসিসি) আগুনে এ পর্যন্ত চার বাংলাদেশি নিহত হয়েছেন।

ঘটনার দুদিন পর ২৭ অগাস্ট এক বাংলাদেশির মৃত্যু এবং আরেকজনের নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছিলেন মস্কো বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মিজান। 

পরে আব্দুল কুদ্দুস নামে আরেকজনের মৃত্যু হয়। তার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার হুগলবাড়ীয়ায়।

গেল শুক্রবার মমিনুল ইসলাম নামে আরও এক বাংলাদেশি প্রাণ হারান। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারিতে।

দূতাবাস কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “মস্কো হাসপাতালে আব্দুল কুদ্দুস ও মমিনুল ইসলামের লাশ সকল প্রক্রিয়া সম্পন্ন হতে আরও ৬-৭ দিন লাগতে পারে। তারপর বাংলাদেশে পৌঁছাবে।”

আগুনের ঘটনায় ৩৬ জন বাংলাদেশি আহত হয়েছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন। আর গুরুতর অবস্থা নিয়ে একজন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা বাসায় গেছেন বলে জানিয়েছেন তিনি।

শাহজালাল বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের উপসহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মরদেহ পৌঁছানোর পর তাদের স্বজনরা গ্রহণ করে নিয়ে গেছেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে তাদের প্রত্যেককে দাফন ও অ্যাম্বুলেন্স খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।”

পুরনো খবর:

রাশিয়ায় কারখানায় আগুননিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৪