২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভোলার সাবেক এমপি মুকুল ও স্ত্রীর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ব্যাংক হিসাবে এক কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৮৪৪ টাকা আছে।

ভোলার সাবেক এমপি মুকুল ও স্ত্রীর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 02:20 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

দুর্নীতির মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও তার স্ত্রী জাহানারা ইয়াছমিনের নামে থাকা ৮টি ব্যাংক হিসাবের এক কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৮৪৪ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার পৃথক দুই আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, “আলী আজম মুকুল ও  জাহানারা ইয়াছমিন মামলার এজাহারনামীয় আসামি। তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে।”

সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা পিয়াস পাল।